রামপাল থানার ওসি রাজীব আল রশিদের হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল

0
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ।। ফাইল ছবি: সংগৃহীত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল থানার ওসি রাজীব আল রশিদের ইন্তেকাল হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া রামপাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও পৃথক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ রাজীব আল রশিদ যোগদানের পর থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও ন্যায়ভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সুনাম অর্জন করেছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে রামপাল থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও ফোর্সের মধ্যে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা আজ বাদ জোহর তাঁর নিজ বাড়ি খুলনার আইচগাতিতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র সন্তান ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।