কেশবপুরে ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কেশবপুর শহরের খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার কাস্তা গ্রামের রুস্তম খানের ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুরে রওনা হন ইয়াসিন। পথিমধ্যে খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান।

এক মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।