তরিকুল ইসলাম সবসময় মানুষের জন্য কাজ করেছেন: কেশবপুরের স্মরণসভায় বক্তারা

0
কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী ও উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। ছবি: লোকসমাজ

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলাম-এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন লৌহমানব ও যশোরের উন্নয়নের কারিগর। তাঁর হাত ধরেই অনেকে রাজনীতিতে এসেছেন এবং তিনি সবসময় মানুষের জন্য কাজ করার কারণে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাকের বিশেষ উপস্থিতিতে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ১১টি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।