দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত ঘূর্ণিঝড় আকভান, আজ বৃষ্টির সম্ভাবনা কমছে

0
দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান; আজ রাজধানীতে বৃষ্টি কমে রোদের দেখা মিলতে পারে, তবে উপকূল, ময়মনসিংহ ও রাজশাহীর কিছু স্থানে বৃষ্টি হতে পারে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ-এ পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও আজ শনিবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি কমে আসবে এবং ঢাকায় রোদের দেখাও মিলতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের কয়েকটি স্থানে এবং উপকূলীয় এলাকায় আজও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ১০১ মিলিমিটার। এর আগের দিন পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে, ১৩৩ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এর আগের দিনের ১৯ মিলিমিটারের তুলনায় সামান্য বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে সংবাদমাধ্যমে জানান, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। ফলে আজ সারাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যেতে পারে।

গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের ওডিশা উপকূলের গোপালনগরে প্রবল ঘূর্ণিঝড় আকভান আঘাত হানে। তবে উপকূলে আঘাত করার আগেই এটি অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তি আরও কমে যায়।

নাজমুল ইসলাম আরও জানান, আজ উপকূলীয় অঞ্চল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজধানীতে আকাশ মেঘলা থাকলেও মাঝেমধ্যে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।