ঢাকা ও গোপালগঞ্জসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা

0
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ ও ঢাকা মহানগরসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি চলছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর ও গোপালগঞ্জ-সহ দেশের আট জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর ও আট জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

জেলা ও মহানগরভিত্তিক বণ্টনে গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ঢাকা মহানগরে ৫ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তাঁরা সংশ্লিষ্ট এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়াবেন এবং বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর থাকবেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।