সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন  ডেক্স ॥ যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি দল গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজের নির্ধারিত কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী এবং এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধানেরা।

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সামরিক বাহিনীর সদস্যরা ।। ছবি: পিএমও

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। তখন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে এবং অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানসহ সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিকেল চারটায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকেরা অংশ নেবেন।

পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে; অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

রাজধানীর বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, যা বেলা ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত নিকটস্থ ঘাটে নোঙর করা অবস্থায় দর্শনার্থীরা দেখতে পারবেন।