শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

0
শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে জমে থাকা পানিতে নুয়ে ও তলিয়ে গেছে মাঠের পাকা ও আধাপাকা ধান ।। ছবি: লোকসমাজ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) ॥ ঝিনাইদহের শৈলকুপা-য় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা ডুবে গেছে। এতে একদিকে যেমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। এর পাশাপাশি গো-খাদ্য-এর তীব্র সংকট তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে কাটা ধান, পাকা ও আধাপাকা ধানের জমি তলিয়ে গেছে এবং পানির নিচে রয়েছে পেঁয়াজের বীজতলা। এমন পরিস্থিতিতে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

জলাবদ্ধ মাঠে সারিবদ্ধভাবে রাখা কাটা ধান; এতে ধান ও গো-খাদ্য নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।। ছবি: লোকসমাজ

হাজরা মেনা গ্রামের কৃষক আমত আলী জানান, তাঁর পেঁয়াজের বীজতলা পুরোপুরি পানিতে ডুবে গেছে এবং পেঁয়াজ আবাদ নিয়ে তিনি হতাশায় রয়েছেন। দেবনগর গ্রামের কৃষক কদর মিয়া বলেন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান ও পেঁয়াজের বীজতলা সবই পানিতে ডুবে যাওয়ায় তিনি কী করবেন, তা ভেবে পাচ্ছেন না।

ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানান, তাঁর পেঁয়াজের বীজতলা ও জমির ধান পানিতে ডুবে গেছে; নতুন করে পেঁয়াজের বীজ জমিতে দিতে হলেও সেই বীজ কেনার অর্থ কীভাবে জোগাড় করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

শৈলকুপায় অসময়ের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সবুজ চারা ও বীজতলার বিস্তীর্ণ অংশ।। ছবি: লোকসমাজ

কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্ট হলে গো-খাদ্যের সংকট আরও বাড়তে পারে। পাশাপাশি পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় নতুন বীজ সংগ্রহ করতে না পারলে পেঁয়াজের আবাদ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বৃষ্টিতে কৃষকদের ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তালিকা তৈরির জন্য ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।