চৌগাছা পৌর এলাকার এক কিলোমিটার পাকা সড়ক খানাখন্দে ভরা দুর্ভোগ চরমে

0
ছবি: সংগৃহীত।

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌর এলাকায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এক কিলোমিটার পাকা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত দুই দিনের অবিরাম বৃষ্টিতে গর্ত ভরে আছে বৃষ্টির পানি। ভুক্তভোগী এলাকাবাসী অবিলম্বে সড়কটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কের উপজেলা পরিষদের সামনে হতে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত এক কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সড়কটির সংস্কার না হওয়ায় ইট পাথর খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্তের। গত দুই দিনের টানা বৃষ্টিতে এ সব গর্তে পানিতে একাকার। গর্তের ভেতর যানবাহন পড়ে হচ্ছে বিকল।

শুক্রবার সকালে দেখা গেছে, মানুষ খুব সতর্কতার সাথে ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করছেন। একটি ইজিবাইক বিকল হয়ে পড়ে আছে সড়কে সৃষ্টি হওয়া গর্তের ধারে। এ সময় কথা হয় বিকল ইজিবাইক চালক কবির উদ্দিনের সাথে। তিনি বলেন, জীবননগর হতে যাত্রী নিয়ে চৌগাছায় আসার পথে ভাঙা গর্তের ভেতরে পড়ে ইজিবাইকের একটি বিয়ারিং ভেঙে গেছে।

পথচারী হোসেন আলী, আজিজুর রহমান, মো. বাবু বলেন, পৌরসভার ভেতরে এমন বেহাল রাস্তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দিন যত যাচ্ছে ততই সড়কের গর্তগুলো বড় হচ্ছে, কষ্ট বাড়ছে মানুষের। সড়কের পাশেই স্থানীয় ব্যবসায়ী সামছুর রহমান বলেন, রাস্তাটির বেহালদশা আগে থেকেই, এরপর বৃষ্টির কারণে আরও খারাপ হয়ে গেছে। একটি যানবাহন গেলে কাদা পানি ছিটকে দোকানের ভেতরে চলে আসছে।

সড়কটিতে নিয়মিত বাস চালান রেজাউল ইসলাম। তিনি বলেন, বহু দিন ধরে এই রাস্তাটির বেহাল দশা। তেঘরি গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, আমরা উৎপাদিত সবজি বা অন্যান্য ফসলাদি বিক্রির জন্য এই সড়কটি দিয়ে চৌগাছা বাজারে আসি। কতবার যে আমার বাইসাইকেল নষ্ট হয়েছে তা বলে শেষ করা যাবে না। অন্তত কৃষকের কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুতই পাকাকরণ দাবি জানাচ্ছি।

তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু বলেন, সড়কটি দ্রুতই মেরামত করা দরকার। কলেজের শিক্ষার্থীরা নিদারুন কষ্ট করে কলেজে আসা যাওয়া করে। শুধু শিক্ষার্থী না সাধারণ মানুষও কষ্ট ভোগ করছেন প্রতিনিয়ত। অবিলম্বে সড়কটি মেরামতের দাবি করেন তিনি।

চৌগাছা পৌরসভার নির্বাহী অফিসার মোশাররফ হোসেন বলেন, এই সড়কটি হচ্ছে সড়ক ও জনপদ বিভাগের। তারা কোটচাঁদপুর হতে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত কাজ করে আর সামনের দিকে আসেনি।

চালাচলের অনুপযোগী হয়ে পড়ায় আমরা বেশ কয়েকবার ইট বালি ফেলে রোলার করেছি। বৃষ্টির কারণে সড়কটির অবস্থা বেজায় খারাপ হয়ে গেছে।