কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

0
কক্সবাজারের রামুতে কাটিরমাথা রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন, যাঁদের সবাই একই পরিবারের সদস্য; ক্রসিংটি অরক্ষিত বলে দাবি স্থানীয়দের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কক্সবাজারের রামু-তে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন এবং নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিং-এ এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।

জানা গেছে, তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন; পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয় এবং এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত, সেখানে কোনো গেট বা গেটম্যান নেই এবং সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি চালকরা সহজে দেখতে পান না।