সরদার বাপ্পীকে পেটানোর অভিযোগে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

0
ছবি: আটক শ্রমিক নেতা মিন্টু গাজী।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে যশোর শহরের বকচর হুঁশতলা বৌবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম মিন্টু গাজী ওই এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে।

গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় একটি মামলা রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় শ্রমিক সরদার বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হয়। আহত শ্রমিক সরদার বাপ্পী রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে পদ থেকে অপসারণের দাবিতে শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন জানান স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।