ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তাসহ নিহত ২, আহত ৪

0
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তাসহ নিহত ২

ঝিনাইদহ সংবাদদাতা,লোকসমাজ : ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পৌর কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সংঘটিত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় কালীগঞ্জ উপজেলা শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দুর্ঘটনার শিকার হন কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ (৪৮)। খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, একই দিন সকালে মহেশপুর উপজেলার কুল্লাগাছা মাদ্রাসার সামনে ইট-বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মামুন হোসেন (৩২) নিহত হন। তিনি উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের পোষ্য ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে বের হওয়ার পর বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মামুন হোসেন মারা যান।

আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও ভ্যান জব্দ করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ ও মহেশপুর থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।