মোরেলগঞ্জে বুছনা জালে আটকা

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বুছনা জালে আটকা পড়ার পর উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সোমবার সকালে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা জাল তুলতে গিয়ে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সাপ উদ্ধারকর্মী রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, “অজগরটি আমাদের জাতীয় সম্পদ। তাই নিরাপত্তার স্বার্থে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগের কারণে সাপটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।”

উদ্ধারের পর অজগরটিকে মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে সাপটি বের করে উপস্থিত লোকজনকে দেখান।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার করা অজগরটি সোমবার বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়।