যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান প্রতিমন্ত্রীর

0
যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলকের সামনে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অতিথি ও কর্মকর্তারা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সদস্যদের পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার আহবান জানিয়েছেন। শনিবার যশোর কোতয়ালি মডেল থানা-র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ছয়তলা ফাউন্ডেশনের এই ভবন চারতলা পর্যন্ত ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ সদস্যদের সঙ্গে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে এবং তাঁদের রাজনৈতিক ক্যাডার ও জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সতর্ক ও সুচিন্তিত বলে উল্লেখ করে তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা তৈরির চেষ্টা হলেও প্রধানমন্ত্রী পুলিশ ও জনগণকে পরস্পরের প্রতিপক্ষ বানানোর সুযোগ দেননি।

যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ।। ছবি: লোকসমাজ

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আগামী দিনে পুলিশ জনবান্ধব বাহিনী হিসেবে জনগণকে সেবা দেবে এবং মানুষ যেন প্রকৃতপক্ষে পুলিশকে তাদের বন্ধু ভাবতে পারে, প্রধানমন্ত্রী সেটিই নিশ্চিত করতে কাজ করছেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কোতয়ালি থানা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং মহান স্বাধীনতার যুদ্ধে এই থানার বড় ভূমিকা রয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর সারা দেশে যখন মব কালচারের মাধ্যমে বিভিন্ন থানা লুট হয়ে যায়, তখন বিএনপির কর্মীরা মানব প্রাচীর তৈরি করে কোতয়ালি থানার সুরক্ষা নিশ্চিত করেছিলেন।

বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দলীয় কর্মীদের নানা দুঃখ-বেদনা থাকলেও একটি সভ্য রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীর সদস্যরা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেছিলেন তাঁরা, কারণ পুলিশকে বাদ রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অসম্ভব।

যশোর সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত ফলক; যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের বাস্তবায়নে নির্মাণের তথ্য উল্লেখ রয়েছে ।। ছবি: লোকসমাজ

উন্নত অবকাঠামো ও কর্মপরিবেশে পুলিশ সদস্যরা জনগণকে আরও উন্নত সেবা দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাসহ কাজের মানের ক্ষেত্রে কোনো আপস না হয়, তা নিশ্চিত করতে যশোর গণপূর্ত বিভাগ-এর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি।

যশোরে কোনো সরকারি স্থাপনার ক্ষেত্রে আপসের কথা শুনতে চান না বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি বলেন, কোতয়ালি থানার পুরাতন ভবনে মহান স্বাধীনতার যুদ্ধে শাহাদৎ বরণকারী পুলিশ সদস্যদের স্মৃতির ঠিকানা ছিল; নতুন ভবন তৈরির পর এই ক্যাম্পাসে তাঁদের স্মৃতি সংরক্ষণের জন্য আলাদা উদ্যোগ নেওয়া হবে।

যশোর কোতয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথি, প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ।। ছবি: লোকসমাজ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যরা।