চৌগাছা পৌর এলাকার এক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী, বৃষ্টিতে বেড়েছে ঝুঁকি

0
বৃষ্টির পানিতে গর্তে ভরা বেহাল সড়কের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক আরোহী; পাশে দেখা যাচ্ছে আরেকটি যানবাহন।। ছবি: লোকসমাজ

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা ॥ যশোরের চৌগাছা পৌর এলাকার এক কিলোমিটার পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং দীর্ঘদিন সংস্কার না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত দুই দিনের বৃষ্টিপাতে সড়কটিতে চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ভুক্তভোগীরা অবিলম্বে এটি মেরামতের দাবি জানিয়েছেন।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কের উপজেলা পরিষদের সামনে থেকে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত এক কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় ইট, পাথর ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যা গত দুই দিনের টানা বৃষ্টিতে পানিতে একাকার হয়ে গেছে। এতে গর্তে পড়ে যানবাহন বিকল হচ্ছে এবং অনেকে দুর্ঘটনায় পড়ছেন। পৌর এলাকায় সড়কটি অবস্থিত হওয়ায় পথচারীরা পৌরসভাকে দায়ী করলেও এটি সড়ক ও জনপদ বিভাগের সড়ক বলে জানা গেছে।

শুক্রবার সকালে সড়কটিতে গিয়ে দেখা যায়, মানুষ সতর্কতা নিয়ে চলাচল করছেন এবং একটি ইজিবাইক বিকল হয়ে পড়ে আছে। এ সময় বিকল ইজিবাইক চালক কবির উদ্দিন জানান, জীবননগর থেকে যাত্রী নিয়ে চৌগাছায় আসার পথে ভাঙা গর্তে পড়ে ইজিবাইকটি ভেঙে গেছে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি কেন মেরামত হচ্ছে না তা তাঁর জানা নেই।

গর্ত ও কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া সড়কে চলাচল করছে যাত্রীবাহী ইজিবাইক ও মাইক্রোবাস; ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী।। ছবি: লোকসমাজ

পথচারী হোসেন আলী, আজিজুর রহমান ও মো. বাবু বলেন, পৌরসভার ভেতরে এমন রাস্তা মেনে নেওয়া যায় না; পৌরসভার সড়ক হলে পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগের হলে তারা যেন সংস্কার করে, কিন্তু কেন কাজ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

স্থানীয় ব্যবসায়ী সামছুর রহমান জানান, বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং কোনো যানবাহন গেলে কাদা-পানি ছিটকে দোকানের ভেতরে চলে আসছে। বাস চালক রেজাউল ইসলাম বলেন, সড়কটির বেহাল দশার কারণে অনেক বাস মালিক এই পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু জানান, সড়কটি দ্রুত মেরামত করা দরকার, কারণ শিক্ষার্থীরা কষ্ট করে কলেজে আসা-যাওয়া করছে।

এ বিষয়ে পৌর নির্বাহী অফিসার মোশাররফ হোসেন জানান, সড়কটি সড়ক ও জনপদ বিভাগের এবং তারা কোটচাঁদপুর থেকে তরিকুল ইসলাম পৌর কলেজ পর্যন্ত কাজ করলেও সামনের দিকে আসেনি। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকবার ইট-বালি ফেলে রোলার করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, বৃষ্টির কারণে অবস্থার আরও অবনতি ঘটেছে।