বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাট জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে তাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

কারাগার সূত্র জানায়, সকালে হাজতিদের জন্য সবজি ও রুটি সরবরাহ করা হয়েছিল। খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়া ফকিরের গলায় খাবার আটকে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।