রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

0
বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মিলন তরফদার ও মহাসিন গাজী নামের দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।। ছবি: সংগৃহীত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার গৌরম্ভা ও ফয়লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমল তরফদারের ছেলে মিলন তরফদার (৫২) এবং দেওয়ান গাজির ছেলে মহাসিন গাজীকে আটক করা হয়।

পরে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন। আদালত মিলন তরফদারকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মহাসিন গাজীকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।