ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ যাত্রী নিহত

0
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের স্থান।। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। মর্মান্তিক এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ সাতজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।। ছবি: সংগৃহীত

দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।