সেবার পরিধি বাড়াতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয় উদ্বোধন

0
সেবার পরিধি বাড়াতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়

স্টাফ রিপোর্টার : বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির যাত্রা শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন কার্যালয়ের মাধ্যমে সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। পাশাপাশি আবাসিক এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও অভিযোগের বিষয়ে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সোসাইটি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে, যা তুলনামূলক কম খরচে বাসিন্দারা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে অনেক সময় ওষুধ সংগ্রহে ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বাসায় বাসায় জরুরি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত নম্বরে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। আগামী সপ্তাহ থেকে এ সেবা চালু হবে বলেও জানান তিনি।

সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরার বাসিন্দাদের কল্যাণ নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নই সোসাইটির অন্যতম লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।

তিনি জানান, নতুন অফিস থেকে বাসিন্দাদের অভিযোগ গ্রহণ ও সেবাসংক্রান্ত বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। একটি নিরাপদ, সুশৃঙ্খল ও কল্যাণমুখী আবাসিক পরিবেশ গড়ে তুলতে সোসাইটি কাজ করে যাবে।

শেখ এহসান রেজা আরও বলেন, বাসিন্দাদের জন্য অ্যাম্বুল্যান্স সেবার পাশাপাশি ২৪ ঘণ্টার জরুরি ওষুধ ডেলিভারি এবং প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবাও চালু করা হয়েছে। এসব সেবা সহজলভ্য করতে একটি কল সেন্টারও চালু করা হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে সোসাইটির সব ধরনের সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাসিন্দারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সোসাইটির নির্বাহী সহসভাপতি কাজী দিদার আহম্মেদ, অর্থ সম্পাদক ইমরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সেবার পরিধি আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ, দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার কার্যকর সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।