ড্রোনে সীমান্ত পেরিয়ে আসছে মাদক, সিন্ডিকেটের হোতারা ধরাছোঁয়ার বাইরে: আইনমন্ত্রী

0
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে দেশে মাদক প্রবেশ করছে। মাদক সিন্ডিকেটের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাদক কোনোভাবেই ব্যবসার অংশ হতে পারে না এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “মাদক এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের পেছনে কোনো রাজনৈতিক নেতা জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সবাইকে সতর্ক করছি।”

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। বর্তমান সরকার গুম ও ক্রসফায়ারের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে বলে উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করে অসংখ্য মানুষকে ধরে নিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল ক্রসফায়ার। একই সময়ে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে, যার অধিকাংশ ক্ষেত্রেই বাদী ছিল পুলিশ। আমরা সেই সংস্কৃতি বন্ধ করার চেষ্টা করছি।”

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিভিল সার্জন ডা. আসম মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে বিকেলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থী, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান এমপি বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।