যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬.৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

0
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬.৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস এবং ৬৮৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।