বাগেরহাটে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ, ব্যবসায়ীকে ২ মাসের কারাদণ্ড

0
বাগেরহাটে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮১ হাজার টাকার ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ মোড় এলাকায় অবস্থিত ‘মেসার্স রোহা এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো জব্দ করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার জানান, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াদ মুন্সি সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারতেন। কিন্তু অভিযানে তার প্রতিষ্ঠানে ২ হাজার ৪২টি সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে ১৭৪টি ভর্তি এবং ১ হাজার ৮৬৮টি খালি সিলিন্ডার ছিল।

তিনি আরও জানান, জব্দ করা সিলিন্ডারের অনেকগুলোর মেয়াদ ২০২২ ও ২০২৪ সালেই শেষ হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক। এ কারণে পেট্রোলিয়াম আইন-২০১৬-এর ২০(১) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও বলেন, অনুমোদিত ৪০টি সিলিন্ডার রেখে বাকি সিলিন্ডারগুলো জব্দ করা হয়েছে। সেগুলোর আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। জব্দকৃত সিলিন্ডারগুলো চিতলমারী থানায় রাখা হয়েছে এবং পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দকৃত সিলিন্ডারগুলো থানার হেফাজতে রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।