বাগেরহাটে বাড়িতে ঢুকে পুলিশ পরিচয়ে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা

0
নিহত আমির হামজা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক কলেজছাত্রকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আমির হামজা (২৩)। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি খুলনার একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত একদল যুবক বাড়িতে ঢুকে নিজেদের ‘পুলিশ’ পরিচয় দিয়ে হামজাকে ধাওয়া করে। প্রাণভয়ে হামজা পার্শ্ববর্তী খালের পাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে খুনিদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, বাগেরহাটে সাম্প্রতিক সময়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ১৪ মার্চ মোল্লাহাটে সোহাগ শেখ নামে এক ব্যবসায়ী এবং ৭ মার্চ তাঁর এক কর্মচারীকেও একইভাবে গুলি করার ঘটনা ঘটে। একের পর এক হত্যাকাণ্ডে জেলাজুড়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।