আমার সবচেয়ে পছন্দের বিষয় ইরানের তেল দখল করা; রাখঢাক ছাড়াই বোমা ফাটালেন ট্রাম্প

0
তেলের নেশায় বুঁদ ট্রাম্প; বিরোধীদের 'বোকা' বলে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আড়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর আসল ভূ-রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানে তাঁর প্রধান অগ্রাধিকার হবে দেশটির তেলশিল্পের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। তাঁর এই সরাসরি ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প কোনো রাখঢাক না রেখেই বলেন, “সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের বিষয় হলো, ইরানের তেল দখল করা। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলে, ‘আপনি এটা করছেন কেন?’ তারা আসলে বোকা মানুষ।” নিজের এই তেলের নেশাকে যৌক্তিক দাবি করে তিনি এর তুলনা করেন ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে, যেখানে দেশটির তেল সম্পদকে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ট্রাম্পের এই লক্ষ্য বাস্তবায়নের প্রধান কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ইরানের কৌশলগত ‘খারগ দ্বীপ’, যেখান থেকে দেশটির সিংহভাগ তেল রপ্তানি হয়। ট্রাম্পের দাবি, এই দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো কঠিন কাজ হবে না। এই ঘোষণা কেবল মৌখিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই; পেন্টাগন ইতিমধ্যে ভূমি দখল ও নিয়ন্ত্রণে বিশেষভাবে প্রশিক্ষিত ১০ হাজার অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছে। ৩ হাজার ৫০০ সেনা ইতিমধ্যে অঞ্চলটিতে পৌঁছেছেন, যার মধ্যে বড় একটি অংশই দুর্ধর্ষ মেরিন সেনা।

ট্রাম্পের এই মন্তব্যে তেলের বাজার এখন চরম অস্থির। সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে, যা গত এক মাসে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি। ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে আসার জন্য আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় দেশটির জ্বালানি খাতের বাকি ৩ হাজার লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ‘তেল দখল’ নীতি মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের পথ প্রশস্ত করছে।