তেল পাচারকারী ও অবৈধ মজুতদারের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

0
জ্বালানি সম্পদ রক্ষায় জনগণের সহযোগিতা চায় সরকার; সঠিক তথ্যে মিলবে পুরস্কার।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তেল পাচার বা অবৈধ মজুত সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চমূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে তেল মজুত করে বা পাচারের চেষ্টা চালায়, তবে স্থানীয় প্রশাসনকে সেই তথ্য দিয়ে সহায়তা করলে সরকার এই আর্থিক পুরস্কার প্রদান করবে।

মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। এই আর্থিক সম্মানী দেশের সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মূলত তেলের কালোবাজারি রোধ এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতেই সরকার এই কঠোর ও উৎসাহমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।