আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তদবির বাণিজ্য ও শত কোটি টাকা পাচারের অভিযোগে এই আদেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সিআইডির উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান অভিযুক্ত মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি উপদেষ্টার এপিএস থাকাকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন বলে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন—এমন আশঙ্কায় তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন বলে সিআইডি জানায়।

উল্লেখ্য, এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নতুন করে সিআইডির অনুসন্ধানের প্রেক্ষিতে আদালত আবারও তার বিদেশ যাত্রায় এই কঠোর আদেশ দিলেন।