বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে রণক্ষেত্র মাদারীপুর; অর্ধশত ককটেল বিস্ফোরণ

0
এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। । ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত পৌর শহরের থানতলী ও পাকদী এলাকায় চলা এই সংঘাতের সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় ৫ জন আহত এবং অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুরের শিকার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ইতালিপ্রবাসী এক যুবকের বিয়ের অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দিলেও এর জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোমবার ভোররাতে আবারও পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষই একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।