যশোরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা কামরুল ইসলাম গুরুতর আহত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) রাত আটটার দিকে যশোর শহরের একটি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মোঃ তাহমিদ উর রহমান জানান, আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কামরুল ইসলামকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার রাত ১১টা ২৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্স যোগে তাকে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।