এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

0
প্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে হামের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই নতুন করে হামের টিকা সরবরাহ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ বাড়ার পরপরই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। মহাখালীতে এক শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে সচল করা হয়েছে। এছাড়া রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের প্রক্রিয়া চলছে।

টিকাদান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় কিছু শিশু টিকার আওতার বাইরে রয়ে গেছে, যাদের মধ্যে সংক্রমণের হার বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে। পারচেজ কমিটির অনুমোদন পেলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা আসা শুরু হবে।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, টিকা আসার সঙ্গে সঙ্গেই দেশব্যাপী কার্যক্রম জোরদার করা হবে। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে টিকা কমিটি। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে, অতীতের যেকোনো সময়ের চেয়ে দ্রুততম সময়ে এবার চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।