পাম্পে দীর্ঘ সারি ও অনিশ্চয়তা কমাতে এলো ‘তেল কই’ পোর্টাল

0
আপনার এলাকার কোন পাম্পে তেল আছে তা এখনই দেখে নিন ‘তেল কই’ ওয়েবসাইটে ।। ছবি: ওয়েবসাইটের স্ক্রিণশট

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের পাম্পগুলোতে যখন তেলের জন্য দীর্ঘ সারি ও হাহাকার, ঠিক তখনই চালকদের স্বস্তি দিচ্ছে এক নতুন ডিজিটাল সমাধান। কোন পাম্পে তেল আছে আর কোনটিতে নেই—তা ঘরে বসেই মুহূর্তের মধ্যে জানিয়ে দিচ্ছে ‘তেল কই’ (telkoi.com) নামের একটি ওয়েবসাইট। গত ৯ ফেব্রুয়ারি চালুর পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই কমিউনিটিভিত্তিক উদ্যোগটি।

বর্তমানে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেট কারে ১০ লিটার তেলের সীমা নির্ধারণ করেছে সরকার। এই পরিস্থিতিতে এক পাম্প থেকে অন্য পাম্পে তেলের খোঁজে ঘুরে সময় ও জ্বালানি অপচয় রোধে কার্যকর ভূমিকা রাখছে এই সাইটটি। এর প্রতিষ্ঠাতা সজিব খান, যিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্নাতক এবং বর্তমানে পাঠাও কুরিয়ারের এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলোকে এক জায়গায় এনে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই তিনি এটি তৈরি করেছেন।

ওয়েবসাইটটি মূলত ‘ক্রাউডসোর্সিং’ বা ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চলে। কোনো পাম্পে তেল থাকলে বা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা তা আপডেট করেন। তথ্যের সত্যতা যাচাইয়ে রাখা হয়েছে ভোটিং ব্যবস্থা। তেলের মজুতের পাশাপাশি এখানে লিটারপ্রতি দাম এবং পাম্পে ভিড়ের মাত্রাও জানা যাচ্ছে। চালুর মাত্র দুই দিনে ওয়েবসাইটটি ২৬ লাখেরও বেশিবার দেখা হয়েছে, যা এর প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তোলে।