চ্যাটজিপিটিতে এলো নতুন ‘লাইব্রেরি’ ফিচার, ফাইল সংরক্ষণে মিলবে বিশেষ সুবিধা

0
ওপেনএআই-এর নতুন ফিচারের মাধ্যমে এআই চ্যাটিংয়ে ফাইল শেয়ারিং ও ম্যানেজমেন্ট এখন আরও উন্নত।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি
তথ্য প্রযুক্তি ডেক্স ॥  নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘লাইব্রেরি’ নামের নতুন একটি ফিচার যুক্ত করেছে ওপেনএআই। এই নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চ্যাটে আপলোড করা বিভিন্ন ফাইল একটি নির্দিষ্ট ক্লাউড স্টোরেজে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারবেন। এর ফলে পরবর্তী সময়ে যেকোনো নতুন কথোপকথনে পুরোনো ফাইলগুলোর তথ্য পুনরায় ব্যবহার করা সহজ হবে।
ওপেনএআই জানিয়েছে, লাইব্রেরি সুবিধাটি আপাতত চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং বিজনেস সংস্করণ ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হচ্ছে। ফিচারটি সক্রিয় হওয়ার পর চ্যাটজিপিটির ওয়েব সংস্করণের সাইডবারে ‘লাইব্রেরি’ নামে একটি আলাদা ট্যাব দেখা যাবে। এখানে ব্যবহারকারীর সাম্প্রতিক আপলোড করা ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে জমা হবে এবং ভবিষ্যতে যুক্ত করা নতুন ফাইলগুলোও এখানে পাওয়া যাবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ছবিগুলো আগের মতোই ‘ইমেজেস’ ট্যাবে সংরক্ষিত থাকবে।
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থায়িত্ব। ব্যবহারকারী যদি কোনো নির্দিষ্ট চ্যাট মুছেও ফেলেন, তবুও সেই চ্যাটে ব্যবহৃত ফাইলগুলো লাইব্রেরি থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। কোনো ফাইল স্থায়ীভাবে সরাতে চাইলে লাইব্রেরি থেকে সেটি নির্বাচন করে ডিলিট বা ট্র্যাশ আইকনে ক্লিক করতে হবে। এরপর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে সেটি ওপেনএআই-এর সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যাবে। লাইব্রেরি থেকে কোনো ফাইল ব্যবহারের জন্য কম্পোজার মেনুর অ্যাটাচমেন্ট বা অ্যাড বাটন থেকে ‘অ্যাড ফ্রম লাইব্রেরি’ অপশনটি ব্যবহার করতে হবে।