শিশুদের মানসিক ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে জরিমানা

0
মেটা ও গুগলের লোগো সম্বলিত চিত্র; যাদের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড প্রতিষ্ঠান দুটিকে দোষী সাব্যস্ত করে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম কোনো জুরির রায়, যা পুরো প্রযুক্তি খাতের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আদালতের রায়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৪২ লাখ ডলার এবং ইউটিউবের মালিকানাধীন গুগলকে ১৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেলি নামের ২০ বছর বয়সী এক তরুণী এই মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ইউটিউব ও ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’-এর মতো আসক্তি তৈরি করার নকশার কারণে শৈশবেই তিনি এই প্ল্যাটফর্মগুলোয় বুঁদ হয়ে পড়েন। এর ফলে তাঁর মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, অ্যাপগুলোর নকশা করার ক্ষেত্রে গুগল ও মেটা চরম গাফিলতি দেখিয়েছে এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে।
মামলার শুনানিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। কিশোরীদের জন্য ক্ষতিকর হতে পারে এমন ‘বিউটি ফিল্টার’ নিষিদ্ধ না করার বিষয়ে জাকারবার্গ বাকস্বাধীনতার যুক্তি দিলেও জুরিরা তা গ্রহণ করেননি। যদিও মেটা ও গুগল এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে, তবে আইনি বিশ্লেষকরা মনে করছেন এই রায়ের প্রতীকী গুরুত্ব অনেক বেশি। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের সাইটে আপলোড হওয়া কনটেন্টের জন্য দায়ী থাকে না, তবে এই মামলায় আইনজীবীরা কনটেন্টের বদলে প্ল্যাটফর্মের কাঠামোগত ত্রুটির ওপর গুরুত্ব দেওয়ায় আদালত তা আমলে নিয়েছেন। এই রায় ভবিষ্যতে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ফেডারেল আইন করার চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।