বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস; ঢাকাসহ ৭ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

0
সোমবার থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; তাপমাত্রা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ বসন্তের আগমনী বার্তার মধ্যেই দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী সোমবার থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের দেওয়া আগামী পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটি বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সোমবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির দেখা মিলতে পারে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় কিছুটা হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলা শীতের আমেজ থাকলেও বৃষ্টির পর আবহাওয়ায় বড় পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে।