কুষ্টিয়ায় লরি-অটোরিকশা ভয়াবহ সংঘর্ষ; নারীসহ প্রাণ হারালেন ৫ জন

0
কুষ্টিয়ায় লরি-অটোরিকশা সংঘর্ষে ৫ প্রাণহানি; বাইপাসে শোকের ছায়া।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুষ্টিয়া সদরের বাইপাস সড়কে গ্যাস পরিবহনকারী একটি লরির সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বাইপাস এলাকার অদূরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে বটতৈল এলাকা থেকে শহরের দিকে আসছিল। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবহনকারী লরির সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরও মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।