কাল থেকে তাপমাত্রা কোথাও কোথাও নামতে পারে ৫ ডিগ্রিতে

0

লোকসমাজ ডেস্ক ॥ সারাদেশে শীতের প্রকোপ তীব্রতর হচ্ছে। দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া বর্তমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার প্রবল আশঙ্কা রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে হাড়কাঁপানো শীত অনুভূত হবে। আগামী শনিবার ও রবিবার এই তীব্রতা আরও বেড়ে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রিতে নামতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি এবং যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজধানীতেও শীতের দাপট বাড়ছে, যেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন।