‘গোলাম আযমকে ভাষাসৈনিক বানানো জঘন্য মিথ্যাচার’, জামায়াতকে আব্দুল কাদেরের কড়া হুঁশিয়ারি

0
"গোলাম আযমকে ভাষাসৈনিক বানানো জঘন্য মিথ্যাচার"—জামায়াত-শিবিরকে কঠোর হুঁশিয়ারি দিলেন জুলাই অভ্যুত্থানের নেতা আব্দুল কাদের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা গোলাম আযমকে ‘ভাষাসৈনিক’ হিসেবে প্রচার করার প্রচেষ্টাকে জঘন্য মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সাবেক আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আব্দুল কাদের। শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি প্রদান করেন।

আব্দুল কাদের তাঁর পোস্টে উল্লেখ করেন, দীর্ঘদিন শহীদ মিনারে ফুল দেওয়াকে ‘নাজায়েজ’ হিসেবে প্রচার করে এখন জামায়াত নিজেই সেখানে শ্রদ্ধা জানাচ্ছে—এই পরিবর্তনকে স্বাগত জানালেও ইতিহাস বিকৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি বলেন, “গোলাম আযমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করার মাধ্যমে জামায়াত নোংরামি করছে। ইসরায়েলি ইহুদিদের মতো দখলদারিত্বের মানসিকতা পরিহার করতে হবে।” ৫ আগস্টের পর থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনার ক্রেডিট নেওয়ার অপচেষ্টা এবং মানবিক আশ্রয়ের বিপরীতে দখলদারিত্বের চিন্তা জামায়াত-শিবিরের মধ্যে পরিলক্ষিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। জামায়াত আমিরের সুরেই তিনি চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেন, “পরিবর্তন হচ্ছেন হন, স্বাগত জানাব; কিন্তু নোংরামি করলে বরদাশত করব না।”