শৈত্যপ্রবাহ আবার বাড়তে পারে আগামীকাল থেকে

0
হাড়কাঁপানো শীতে জবুথবু তেঁতুলিয়া; কাল থেকে তাপমাত্রা নামার নতুন শঙ্কা ।। ছবি: এআই জেনারেটেড

লোকসমাজ ডেস্ক ॥ সারাদেশে শীতের দাপট কিছুটা কমলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন করে শৈত্যপ্রবাহ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রার পারদ ফের ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে, যা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার দেশের একমাত্র জেলা হিসেবে পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায়; যেখানে আজ সকালে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা গতদিনের তুলনায় কিছুটা কমে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

চলতি জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে পাঁচটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানানো হয়েছিল, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে। আগামী দু-তিন দিন তাপমাত্রা কমলেও শনিবারের পর থেকে পুনরায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শৈত্যপ্রবাহের পুনরায় বিস্তারে জনজীবনে বিশেষ করে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।