নোয়াখালীতে শীতে বিপন্ন শৈশব: এক মাসে ১৮ শিশুর মৃত্যু

0
নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগীদের গাদাগাদি অবস্থা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জেলা নোয়াখালী। হাড়কাঁপানো ঠান্ডার প্রকোপে জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত এক মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালেই শীতজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে তিল ধারণের জায়গা নেই; শয্যা সংকটে অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসে ৫৩২ জন শিশু ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে ১৩ জন এবং ৫৫৫ জন শিশু ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে ৫ জন মারা যায়। মৃত শিশুদের অধিকাংশই নিউমোনিয়া, সেপসিস ও শ্বাসকষ্টজনিত সংক্রমণে আক্রান্ত ছিল। এর আগে নভেম্বর ও অক্টোবর মাসেও যথাক্রমে ১৬ ও ২৩ জন শিশুর মৃত্যু হয়। তীব্র শীতের মধ্যে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী আসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইয়াকুব আলী মুন্সি জানান, তীব্র শীতে শিশুদের নিউমোনিয়া ও ভাইরাল ডায়রিয়ার প্রকোপ বাড়ে। এ সময় শিশুদের বাড়তি যত্নে রাখা এবং অসুস্থ হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি। অন্যদিকে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, জনবল সংকটের কারণে বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবারও (৮ জানুয়ারি) নোয়াখালীতে সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।