বগুড়া-৬ আসনে উপনির্বাচনের হাওয়া; তারেক রহমানের উত্তরসূরি কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে তাঁর স্ত্রী জুবাইদা রহমান বা মেয়ে জাইমা রহমানকে প্রার্থী করার দাবি তুলেছেন কেউ কেউ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ম অনুযায়ী দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন একটি আসন ত্যাগ করায় এই নির্বাচনী এলাকায় এখন উপনির্বাচনের দামামা বাজছে। উত্তরবঙ্গের রাজনীতির এই প্রাণকেন্দ্রে ধানের শীষের নতুন কাণ্ডারি কে হবেন—তা নিয়ে খোদ বিএনপি ও সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনটি বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে বেগম খালেদা জিয়া বারবার বিপুল ভোটে জয়লাভ করেছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তারেক রহমান এখানে বড় ব্যবধানে জয়ী হন। উপনির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসছে জিয়া পরিবারের সদস্য ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের নাম। এছাড়া স্থানীয় প্রভাবশালী নেতাদের মধ্যে রেজাউল করিম বাদশা, সাইফুল ইসলাম ও একেএম মাহবুবুর রহমানের মতো নেতাদের নামও আলোচনায় রয়েছে। তবে দলের হাইকমান্ড থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি জানিয়েছেন, তারেক রহমান নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন কে হবেন এই মর্যাদাপূর্ণ আসনের প্রার্থী।