শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

0
"দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না"—শিক্ষা মন্ত্রণালয়ে স্বচ্ছতা ফেরাতে বড় ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান।

প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না। আগামী পাঁচ বছর মন্ত্রণালয়ের কোথাও আমার কোনো দুর্নীতির সম্পৃক্ততা পাওয়া যাবে না।” শিক্ষাকে রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়নে ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি বিষয়ের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক স্তরে ভাষা ও গণিতের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনে টাস্কফোর্স গঠনের ইঙ্গিত দেন তিনি। এছাড়া দেশের বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থার মধ্যে মানগত সমন্বয় এবং ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনাও তুলে ধরেন ববি হাজ্জাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।