খাল দখলমুক্ত না হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কায় ২০ গ্রামের মানুষ

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলায় নাছিরপুর খাস খাল অবৈধ দখলদারের কবল থেকে মুক্ত না হওয়ায় হরিঢালী কপিলমুনি দুটি ইউনিয়নের ২০ গ্রামের ৫০ হাজার মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা করছেন। নেট পাটাতন ও খালের মেইন গেটের পানি সরানো নিয়ে সংশয়ে রয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
৬০ একরের খাস জলমহালের দুই তীরে ২০ গ্রামের কৃষিকাজের সুবিধার্থে ওয়াপদা বাঁধ সংলগ্ন মধ্যবর্তী স্থানে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। যার মাধ্যমে কৃষিকাজের সুবিধা সহ বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হয়ে আসছে দীর্ঘদিন।
এখানে নেট পাটাতন ও বাঁধ দিয়ে এবং স্লুইস গেট দিয়ে লোনা পানি তুলে মাছ চাষ করা হচ্ছে। ফলে খাস খালটির নাব্যতা হ্রাস পেয়ে ভরাট হয়ে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে খাসখালটির দুই তীরের বসবাসরত ২০ গ্রামের ৫০ হাজার মানুষ কৃত্রিম জলাবদ্ধতার শিকার হয়ে হাজার হাজার বিঘার ফসলি জমি পানির নিচে ডুবে ফসল হারাচ্ছে। ব্যাপক ক্ষতি হচ্ছে শ শ মৎস্য ঘের ও পুকুর-ডোবার মাছের। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন বর্তমানে ওই খাস খালটি পলি মাটিতে ভরাট হয়েছে। তা খনন করে জাল যার জলা তার সে লক্ষ্যে কাজ করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানাবো।