শৈলকুপায় স্বেচ্ছাসেবক লীগ নেতার সাংবাদিককে প্রাণনাশের হুমকি

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক শেখ ইমনের ওপর হামলা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাত্তরের সাংবাদিক শেখ ইমন। ভুক্তভোগী শেখ ইমন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা ৭১ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহে যান ইমন। সেখানে অভিযুক্ত নওরোজের সাথে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে নিচে নামিয়ে নিয়ে এসে মারপিট করতে গেলে স্থানীয়রা তাকে বাধা দেন।
এ বিষয়ে সাংবাদিক শেখ ইমন জানান, আমি ও আমার পরিবার শংকার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ কোন মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।