যশোরের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে :অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজ-ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের আয়োজনে কাতার ফুটবল বিশ্বকাপের কুইজ প্রতিযোগিতার লটারি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যশোরের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় দৈনিক লোকসমাজের সম্পাদক,বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেন, ৬০-এর দশক বা তার আগে এক সময় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সারাদেশে যশোর ক্রীড়াঙ্গনের বিশেষ সুনাম ছিলো। সে সময় যশোর ইন্সটিটিউট তাদের টাউন ক্লাবের মাধ্যমে নতুন নতুন ফুটবল খেলোয়াড় তৈরি করে বিশেষ অবদান রাখে। কিন্তু পরবর্তীতে তা কোনো কারণে বন্ধ হয়ে যায়। কী কারণে তা বন্ধ হয়ে যায় তা বর্তমান ও সাবেক ক্রীড়াবিদরাই ভালো বলতে পারবেন। তাই আমাদেরকে আবার সেই সুদিন ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
নার্গিস বেগম আরও বলেন, আমি খেলোয়াড় অঙ্গনের লোক না হলেও রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের লোক হিসেবে যতটা বুঝি তা হলো সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিকল্প নেই। জাতীয় জীবনের সংস্কৃতি মানে শুধু গান-বাজনা, নাটক সিনেমা নয়, তার সাথে খেলাধূলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য দৈনিক লোকসমাজ একটি কঠিন পরিবেশের মধ্যেও সমাজের সকল বিষয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি এসব ভিন্নধর্মী অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ অব্যাহত রেখে চলেছে। আগামীতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় সকলকে লোকসমাজ ও ল্যাবস্কান মেডিকেল সার্ভিসের পাশে থাকার আহবান জানান তিনি।
উৎসবমুখর পরিবেশে কুইজের লটারি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়াণ ক্রীড়া ব্যক্তিত্ব মো. শফিকউজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় দলের সাবেক ফুটবলার ও হকি খেলোয়াড় কাওসার আলী, সাবেক ফুটবলার আলমগীর সিদ্দিকী, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কুইজ প্রতিযোগিতার সমন্বয়ক মাহতাব নাসির পলাশ এবং ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেসের প্রমোশন ম্যানেজার তাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, জাতীয় দলের সাবেক ফুটবলার হালিম রেজা, কাজী জামাল হোসেন, জেলা দলের সাবেক ফুটবলার জয়নাল আবেদিন ও হাফিজুর রহমান।
আলোচনা শেষে কাতার ফুটবল বিশ্বাকাপ চলাকালীন সময়ে লোকসমাজে প্রকাশিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে বিজয়ী পাঁচ জনের নাম তোলেন অতিথিরা।
লটারি বিজয়ী এই ৫ জন হলেন যশোর শহরের লোন অফিস পাড়ার নাসির উদ্দীনের মেয়ে নাছরীন আক্তার (প্রথম), যশোর সদর হাসপাতাল মোড়ের মো. আব্দুল বারেকের ছেলে রমিজ উদ্দীন (দ্বিতীয়), যশোর শহরের লোন অফিস পাড়ার দাউদ আলীর ছেলে নাসির উদ্দীন (তৃতীয়), যশোর সদরের সতীঘাটার ইব্রাহিম হাজীর ছেলে দেলোয়ার হোসেন (৪র্থ) ও মণিরামপুরের ঝাপা গ্রামের হাফিজুরের ছেলে তপু (৫ম)।