বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে ইরান

0

লোকসমাজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আশ্বাস দিয়েছে ইরান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতিও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ’র সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানানো হয়েছে। এ বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা কাজ করছে। পাশাপাশি, আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। এটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু সংক্রান্ত খবরে বাংলাদেশের পক্ষ থেকে জানানো সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তেহরান।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে ইরান দূতাবাস।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান বজায় রাখা এবং দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে— এমন কার্যক্রম থেকে বিরত থাকা জরুরি।