এসএসসির প্রথম দিনে যশোর বোর্ডে অনুপস্থিত ১৪৪১ পরীক্ষার্থী

0
ছবি: লোকসমাজ।

বিশেষ প্রতিনিধি ॥ যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) ১ম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা চলাকালীন বোর্ডের আওতাধীন ১০ জেলার ২৯৯টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এর দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।

এ বছর ২৯৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার ৭৪১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ১০ হাজার ৩০০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৪৪১ জন পরীক্ষার্থী, যার গড় হার ১.২৯ শতাংশ।

গত বছরের তুলনায় এবার অনুপস্থিতির হার কিছুটা কমেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রে অনুপস্থিত ছিল ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী, যা ছিল মোট পরীক্ষার্থীর ১.৩৫ শতাংশ।

বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০ জেলার সকল কেন্দ্রে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।