এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের মুকুল

0

 

স্পোর্টস ডেস্ক॥ এশিয়া কাপে অন্তত সুপার ফোর খেলার মিশন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। সমর্থকরা অবশ্য গত আসরের মতোই টাইগারদের দেখতে চেয়েছিল ফাইনালে। কিন্তু সমর্থকদের সে আশার গুড়েবালি। সবার আগেই শেষ করতে হয়েছে টুর্নামেন্ট। তবে ফাইনালে সাকিব-রিয়াদরা না থাকলেও মাঠে থাকছেন লাল-সবুজের একজন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশি মাসুদুর রহমান মুকুল। সঙ্গী ভারতের অনিল চৌধুরী।
আম্পায়ার মুকুল গণমাধ্যমকে বলেন, ‘ফাইনালে আমি ও ভারতের অনিল চৌধুরী মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছি।’
ভারত-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে সুনাম কুড়ানোর পুরস্কার হিসেবে মাসুদুর রহমান মুকুল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন।
এশিয়া কাপে এবার হতাশার কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় সাকিব আল হাসানের দল। দল বাদ পড়লেও টুর্নামেন্টতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে ফাইনাল পর্যন্ত। বাংলাদেশের দুই আম্পায়ার মুকুল ও গাজী সোহেল বেশ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারত-পাকিস্তানের লড়াই সামলান মুকুল।
সুপার ফোরে শেষ দিকের উত্তেজনাময় মুহূর্তে মুকুলের ঠা-া মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রশংসা কুড়ায়। এমন পারফরম্যান্সের কারণেই বড় দায়িত্ব পেলেন তিনি। দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বহুজাতিক আসরের ফাইনালে এই প্রথম বাংলাদেশের কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন।
আজ রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এবারের এশিয়া কাপের শিরোপা জেতার লড়াইয়ে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।