সাবেক অধিনায়কদের ‘ক্যাপ্টেনস্ কার্ড’ দিলেন তামিম, থাকছে আজীবন বিশেষ সুবিধা

0
জাতীয় দলের সাবেক অধিনায়কদের উপস্থিতিতে এক ফ্রেমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একাধিক নক্ষত্র।। ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়কদের সম্মান ও মর্যাদা রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজীবন মেয়াদে বিসিবির যেকোনো ইভেন্টে প্রবেশাধিকার নিশ্চিত করতে সাবেক অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস্ কার্ড’ তুলে দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ কার্ড ও স্বাস্থ্য বীমার ঘোষণা দেওয়া হয়।

এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়করা এখন থেকে জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মতোই বিসিবির মেডিকেল সুবিধা পাবেন এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার ক্ষেত্রেও বোর্ড সহযোগিতা করবে। কার্ডের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তামিম ইকবাল বলেন, “সাবেক অধিনায়কদের অনেক সময় মাঠে ঢুকতে গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধার সম্মুখীন হওয়ার ভয় কাজ করত। এই কার্ড সেই দ্বিধা দূর করবে এবং তাঁদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করবে।” অনুষ্ঠানে তামিম নিজেও সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার হাত থেকে নিজের কার্ড গ্রহণ করেন।

তিন সংস্করণ মিলিয়ে পুরুষ দলের ২৬ জন এবং নারী দলের ৬ জন অধিনায়কের সবাইকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও নাঈমুর রহমান দুর্জয় উপস্থিত ছিলেন না। এছাড়া সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদকেও অনুষ্ঠানে দেখা যায়নি। তামিম জানান, আমিনুল ইসলাম বুলবুলকে আমন্ত্রণ জানাতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। তবে যারা আজ উপস্থিত হতে পারেননি, তারা যেকোনো সময় বিসিবি থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।