যশোরে ৭ মামলার আসামি ববি আটক, ইয়াবা উদ্ধারের দাবি ডিবি পুলিশের

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র ও মাদকের ৭ মামলার আসামি তারিকুল ইসলাম ববিকে (৪০) আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের বেজপাড়া মেইন রোডের জনৈক রেজাউল করিমের বাড়ির সামনে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে তারিকুল ইসলাম ববি নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

সূত্র আরো জানায়, আটক তারিকুল ইসলাম ববির বিরুদ্ধে ঢাকার দারুস সালাম থানায় মাদকের ১টি মামলা, যশোর কোতয়ালি থানায় অস্ত্র আইনের ১টি মামলা, মাদকের ৩টি মামলা, বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা এবং মনিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১টি মামলা রয়েছে।