‘এখানে সিরিজ জিততে এসেছি, এটাই মূল লক্ষ্য’

0
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক।। ছবি: সংগৃহীত

অধিকাংশ তারকা ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে দল যেমনই হোক, কিউই অধিনায়ক টম ল্যাথামের লক্ষ্য স্পষ্ট—সিরিজ জয়। ঘরের মাঠে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে আগামীকাল মাঠে নামার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে নিজের লক্ষ্যের কথা জানান এই অভিজ্ঞ ব্যাটার।

নিউজিল্যান্ডের বর্তমান স্কোয়াডে মাত্র তিনজনের বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ১৬৩টি ওয়ানডে খেলা অধিনায়ক ল্যাথাম ছাড়াও এই তালিকায় আছেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ল্যাথাম বলেন, “দলের সবারই মূল লক্ষ্য সিরিজ জেতা। তবে আমরা জানি সেটা করতে হলে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে আমাদের শিখতে হবে এবং উন্নতি করতে হবে।”

বাংলাদেশের কন্ডিশনে অতীতে পূর্ণ শক্তির কিউই দলগুলোও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশের মাটিতে মুখোমুখি লড়াইয়ে ৮-৭ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ নিয়ে ল্যাথাম জানান, যারা আগে এখানে খেলেছে তাদের দায়িত্ব হবে তরুণদের কন্ডিশন সম্পর্কে জানানো এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সাজানো। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে স্বাগতিকদের শক্ত চ্যালেঞ্জ জানানো সম্ভব বলে বিশ্বাস করেন কিউই অধিনায়ক।