সকল জ্বালানি তেলের দাম বাড়ল

প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা

0

স্টাফ রিপোর্টার॥ দেশে সকল ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন করে নির্ধারিত দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি হবে ভোক্তা পর্যায়ে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মার্চের স্মারকের আলোকে এই মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী- ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার নির্ধারিত এই নতুন জ্বালানি তেলের দাম আগামী ১৯ এপ্রিল (রোববার) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।