গুচ্ছ ভর্তি পরীক্ষা: মাভাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯৩.৭ শতাংশ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা সারাদেশের ২৭ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘এ ইউনিটের’ গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ৭ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৭ শতাংশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তাসহ গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ড. মুনাজ আহমেদ নূর বলেন, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে এবার পরীক্ষার্থীদের ভোগান্তি চোখে পড়েনি। ভোগান্তিহীন সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।